দুই বিএনপি নেতা হত্যা ও এর জেরে অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন এসপি দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তৌহিদুল আরিফ নড়াইলের পুলিশ সুপার হয়েছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম সুনামগঞ্জের, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ লালমনিরহাটের, এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের খুলনার, গাইবান্ধার এসপি জসিম উদ্দীন ফেনীর, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম গাইবান্ধার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ নওগাঁর পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন।
নওগাঁর বর্তমান এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ ও লালমনিরহাটের এসপিদের ট্যুরিস্ট পুলিশে, খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া সাত এসপির মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ—এই পাঁচটি জেলা ভারতের সঙ্গে সীমান্তবর্তী। সম্প্রতি নাশকতার আশঙ্কায় সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশঙ্কা করছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সীমান্তবর্তী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।