বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্য সদস্যরা, কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছিল। সম্প্রতি কমিশনের দুজন সদস্য পদত্যাগ করেন। সাবেক সচিব মো. মহিউদ্দিন গত ১৫ অক্টোবর এবং বুয়েটের অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি পরে তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন।
দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছিল। নতুন নিয়োগের পর তা বেড়ে ১৯ জন হলো। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত আগস্টে প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন; পরে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া চেয়ারম্যান হন।