চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নওগাঁর পোরশা উপজেলায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ হলেও উপজেলার চারটি কলেজে পাসের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় ফলাফলের যে সারসংক্ষেপ তুলে ধরেছেন, তাতে দেখা যায়, পোরশা থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৩২২ জন। এঁদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ২৫৯ জন। সবচেয়ে খারাপ ফল গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের; সেখান থেকে ১৮৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন মাত্র ২১ জন।
পোরশা সরকারি ডিগ্রি কলেজ থেকে ৭৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৮ জন। নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩০ জনের মধ্যে পাস করেছেন ১১ জন, আর ঘাটনগর পাহিড়াপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩৪ জনের মধ্যে পাস করেছেন ১৩ জন।
উপজেলার পাঁচটি মাদ্রাসা থেকে ১০১ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে ৫২ জন পাস করেছেন; পাসের হার ৫১ দশমিক ৪৯ শতাংশ। ভোকেশনাল বিভাগে তিনটি কলেজ থেকে ১১৪ জন পরীক্ষা দিয়ে ৯০ জন পাস করেছেন, পাসের হার ৭৮ দশমিক ৯৫ শতাংশ। গত শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।