দ্বিতীয় পদ্মা সেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হবে এবং সেখানে রেললাইন থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ঢাকা, মানিকগঞ্জ ও ফরিদপুর জেলাকে উন্নয়ন কর্মসূচিতে যুক্ত করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাভার সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া সংসদ সদস্যরা একা কিছু করতে পারবেন না।
খাদ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের কথা ভেবে প্রধানমন্ত্রী গত শুক্রবার থেকে ওএমএসের চাল দেওয়া শুরু করেছেন। এই চাল প্রতি শুক্রবার দেওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাভারে একটি আধুনিক শিল্পকলা কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে থাকবে বড় একটি অডিটোরিয়াম, ফুডকোর্ট, অফিস কক্ষ এবং মহড়ার জন্য বিশেষ জায়গা। কলেজের অধ্যক্ষ ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।