রাজশাহীর সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের প্রথম ১০ মাসে অভিযান চালিয়ে ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পাঁচটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধার হয়েছে ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচ হাজার ৮৪০ পিস ইয়াবা ও এক হাজার ১৬১ পিস ফেনসিডিল। জব্দ করা হয়েছে সাত হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ, ১৯ লিটার দেশি মদ এবং ২ দশমিক ৪৩ কেজি গাঁজা। চোরাচালানি পণ্যের মধ্যে ছিল ১৭৭ দশমিক ৭ কেজি ওজনের সাতটি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরু।
উত্তর-পশ্চিমাঞ্চলের এক হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট চলছে। গোয়েন্দা তথ্য ও পরিস্থিতি বিবেচনায় টহলের সময়, স্থান ও ধরন বদলে নজরদারি চালানো হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার সব সীমান্তচৌকিতে (বিওপি) সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পদ্মা নদীর তীরের বিওপিগুলোতে ড্রোনে নজরদারির পাশাপাশি স্পিডবোট ও কাঠের নৌকায় নদীপথে টহল চলছে। দুর্গম বিওপিগুলোতে সৌরবিদ্যুতে আলোর ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।