শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ ও সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এর আগে একই এলাকায় অবরোধ ও ককটেল বিস্ফোরণের তথ্য জানা গিয়েছিল; নতুন তথ্য হলো, এতে একজনের প্রাণহানি ঘটেছে।
নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় এবং অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিএনপির সমাবেশের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। অবরোধ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম নিহত হন, এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মৃত্যুর কারণ বা গুলির বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত করেনি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল ফাটিয়েছে। কোনো প্রাণহানি যেন না ঘটে, সে দিকে লক্ষ রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নেয়। এরপর পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয়েছিল।