ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।
সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে।
পাঠ্যবই প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই নতুন বছরের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি পরিমাপ করা যায় না; দেশের বিশাল তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। নবীনেরাই হবে আগামীর বাংলাদেশ। বিপুল জনসংখ্যাকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারা দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে এবং ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন।