সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সাউথ ব্লক) আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, “বাংলাদেশে যে সরকারই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, ভারতের পক্ষ থেকে সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা। তবে নির্বাচনটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও মজবুত হবে।”
বিক্রম মিশ্রি আরও বলেন, ভারত সবসময় বাংলাদেশকে সময়-পরীক্ষিত মিত্র হিসেবে দেখে এসেছে। দুই দেশের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় বন্ধনে গভীরভাবে যুক্ত। “আমরা সবসময় এই সম্পর্ককে জনমুখী দৃষ্টিভঙ্গিতে দেখি,” বলেন তিনি।
ভারতের এ শীর্ষ কূটনীতিক জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি দূর করতে তিনি ব্যক্তিগতভাবে ঢাকা সফর করেছেন। “সফরটি খুবই কার্যকর ছিল,” বলেন তিনি, “এটি দুই দেশের পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত, নদী ব্যবস্থাপনা, বাণিজ্যসহ নানা বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কর্মপদ্ধতিগত বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকায় ভারতের হাইকমিশনের সঙ্গে দীর্ঘদিনের আলোচনার পর এসব বৈঠক বাস্তবায়ন সম্ভব হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিক্রম মিশ্রি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফরে আসা সাংবাদিকরা দুই দেশের সম্পর্ককে সঠিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবেন এবং এই সফর তাঁদের জন্য ‘ফলপ্রসূ অভিজ্ঞতা’ হবে।