বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, দগ্ধ চারজনের একজনের অবস্থা আশঙ্কাজনক

নাওজোড় এলাকায় গ্যাস লিকেজ থেকে ৪১টি সিলিন্ডারে আগুন লাগে; দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে।

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রের ৪১টি সিলিন্ডারে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, দগ্ধদের মধ্যে ১৮ বছর বয়সী একজনের শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী একজনের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী একজনের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী একজনের ৪ শতাংশ পুড়ে গেছে।

তালহা বিন জসিম আরও জানান, ১৮ ও ১৯ বছর বয়সী দুজনকে হাসপাতালের এইচডিইউতে (উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসা ইউনিট) রাখা হয়েছে। ২৫ বছর বয়সী ব্যক্তি জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন। ৫৫ শতাংশ পুড়ে যাওয়া ১৯ বছর বয়সী তরুণের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সবার চিকিৎসা চলছে।