রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে এসে প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে অসুস্থ হয়ে দফাদারের মৃত্যু

রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার জমশেদ আলী (৪৮) শনিবার সকালে ঢাকায় সমাবেশস্থলের কাছে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জের এক দফাদার। তাঁর নাম মো. জমশেদ আলী (৪৮)। তিনি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার ছিলেন।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথের কাছে জমশেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার বদরগঞ্জ উপজেলা থেকে মোট ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন।

ওই সমাবেশেই প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ঘোষণা দেন। জমশেদ আলীর স্ত্রী নূর নাহার বেগম বলেন, বড় আশা নিয়ে তাঁর স্বামী সমাবেশে যোগ দিয়েছিলেন; বেতন-ভাতা বাড়ার ঘোষণা আসবে বলে আশা ছিল। প্রধানমন্ত্রী সেটি দিয়েছেন, কিন্তু স্বামী তা শুনে যেতে পারলেন না। তিনি জানান, জমশেদ আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। পরিবারের দায়িত্ব নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।