সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে সিলেটের রাতারগুলে আওয়ামী লীগের দলীয় সভায় অংশ নেওয়া এবং পরে ভারতে ফিরে যাওয়ার ঘটনা নিয়ে সিলেট ও সুনামগঞ্জে আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য রনজিত সরকার নিজেই গত ৮ নভেম্বর গোয়াইনঘাটের রাতারগুলে দলীয় সভা করার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে তিনি ভারতে ফিরে গেছেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, একজন আইনজীবী শিক্ষাসফরের কথা বলে রাতারগুলের একটি ইকো রিসোর্ট ভাড়া নেন। প্রথমে সেখানে শিক্ষাসফরের ব্যানার লাগানো হলেও পরে রনজিত সরকার উপস্থিত হয়ে আওয়ামী লীগের ব্যানারে বক্তব্য দেন। রোববার রাতে সভাটি অনুষ্ঠিত হয়।
সোমবার রনজিত সরকার নিজের ফেসবুকে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের সভার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” লেখা ব্যানার দেখা যায়। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ভিডিওতে ব্যানার ধরে থাকা অবস্থায় শনাক্ত হওয়া তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে শনাক্ত করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে রাতারগুলের রিসোর্টে সভাস্থল শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।