দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা একদিনে এ বছরের সর্বোচ্চ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের রোববারের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ১ হাজার ১২৪ জন, খুলনা বিভাগে ৩৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, বরিশাল বিভাগে ২৩২ জন এবং রাজশাহী বিভাগে ২১৩ জন রয়েছেন। রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন ও সিলেট বিভাগে ১৫ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৬৩ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন। মোট মৃত্যু হয়েছে ৪৬১ জনের।
অধিদপ্তরের হিসাবে, চলতি বছর মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগওয়ারি মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২২১ জন। এরপর রয়েছে খুলনা বিভাগে ৮৪, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩১, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ এবং সিলেট বিভাগে ৪ জন।