গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস আটকে রাখা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু করেন এলাকাবাসী। আন্দোলনকারীরা প্রথমে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টাঙিয়ে দেন, ফলে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের সামনেও অবস্থান নেন তাঁরা; সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আশপাশে ঘনবসতি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেনানিবাস থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ স্টেশন ব্যবহার করেন। কিন্তু যমুনা ও হাওর এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের অন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। দীর্ঘদিন ধরে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা; কার্যকর উদ্যোগ না থাকায় এদিন তাঁরা রেললাইন অবরোধ করেন।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, এর আগে স্থানীয় জনগণ শ্রীপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করেছিলেন, এবার রাজেন্দ্রপুরে যমুনা ও হাওর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে অবরোধ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।