বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটন, মামলা দায়েরের তিন ঘণ্টায় গ্রেপ্তার একজন

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার ঘটনায় পিবিআই এক যুবককে গ্রেপ্তার করেছে; পিবিআইয়ের দাবি, তিনি জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য জানান।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি; তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরদিন মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাড়ির পাশে একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ।

পিবিআই জানায়, ঘটনাস্থল পরিদর্শন, প্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু হয়। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে ঘিওরের বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার জসিম একই উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা।

পিবিআইয়ের দাবি, নিহত নারীর সঙ্গে জসিমের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তাঁরা মুঠোফোনে যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা বেগম বিয়ের জন্য চাপ দিতে থাকলে জসিম বিবাহিত ও সন্তানের পিতা হওয়ায় এবং বয়সের ব্যবধানের কারণে তা সম্ভব ছিল না; এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিনও এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন বলে পিবিআইয়ের দাবি।

পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তি অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।