স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গত ৩০ সেপ্টেম্বরের নেগেটিভ ইকুইটির ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে, যাতে ২০৩০ সালের মধ্যে পুরোটা সমন্বয় হয়। এই সময়ে তারা কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
একই সভায় স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ড লেনদেনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) থাকা বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির ব্যবস্থা ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা ও শর্ত মানতে হবে।
এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির কোনো পরিচালক কোনো ব্যাংকের পর্ষদে থাকলেও সেই ব্যাংকে কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য বিদ্যমান নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।