রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্রে ৭৭ পদের ৬১টিই শূন্য, বন্ধ ল্যাবরেটরি

লক্ষ্মীপুরের রায়পুরে এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র জনবল ও অবকাঠামো সংকটে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে।

লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি জনবল ও অবকাঠামোগত সংকটে কার্যত অচল হওয়ার পথে। এশিয়ার অন্যতম বৃহৎ এই কেন্দ্রে ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে দীর্ঘদিন ধরে ৬১টি পদ শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটি ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে ৭৫টি পুকুর। মাছের প্রজনন, রেণু পোনা উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু জনবলের অভাবে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শূন্য পদের চিত্র আরও উদ্বেগজনক। প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন। বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদের একটিতেও কেউ নেই। তৃতীয় শ্রেণির ৪১টি পদের বিপরীতে কর্মরত আটজন এবং চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে কর্মরত ১২ জন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদও দীর্ঘদিন শূন্য।

সরেজমিনে দেখা যায়, ল্যাবরেটরি বন্ধ, আবাসিক ভবন ও ডরমিটরি বসবাসের অনুপযোগী, এক পাশের সীমানাপ্রাচীর ধসে পড়ার উপক্রম। ৭৫টি পুকুরে পানি সরবরাহের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি দীর্ঘদিন নষ্ট থাকায় বিদ্যুৎ না থাকলে ছোট একটি জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। পুরোনো যন্ত্রাংশ মেরামত করে কোনোরকমে হ্যাচারির কাজ চালানো হচ্ছে।

কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আকন্দ বলেন, কাগজে-কলমে ১৮ জন পদায়িত থাকলেও তাঁদের মধ্যে পাঁচজন প্রেষণে আছেন; বাকি ১৩ জনকে দিয়ে পুরো প্রতিষ্ঠানের কাজ চালাতে হচ্ছে। জনবল সংকটের কথা জানিয়ে প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয় বলে জানান তিনি। সংকটের মধ্যেও চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং শিগগিরই জনবল সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।