শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গণহত্যার মতো নৃশংসতায় নিরাপত্তা পরিষদে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

প্যারিসে ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ অঙ্গীকার করেন বলে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে।

বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এ অঙ্গীকার করেন। তিনি প্রতিশ্রুতি দেন, গণনৃশংসতা-সংক্রান্ত পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগ নিয়ন্ত্রণের উদ্যোগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনের সময় যেন নিরাপত্তা পরিষদ অচল হয়ে না পড়ে, সে জন্য বড় ধরনের নৃশংসতার ঘটনায় স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম দেখানো।

দুই মন্ত্রী কার্যকর বহুপক্ষীয়তাবাদ শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। উদ্যোগটি এগিয়ে নিতে ও ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে সাধারণ পরিষদের মধ্যে প্রচেষ্টা কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়েও কথা হয়।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি-সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহি নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে। অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক বিনিময় ও টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারেও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।