শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বিমান নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি, বড় ঝুঁকি মেলেনি: আইসিএও অডিট দলের পর্যবেক্ষণ

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিট দল জানিয়েছে, সর্বশেষ অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি।

বাংলাদেশের বিমান নিরাপত্তা জোরদারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) একটি অডিট দল। দলটি জানিয়েছে, সর্বশেষ অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিএও অডিট দলের প্রধান ক্যালাম লুইস ভাইন বলেছেন, আগের মূল্যায়নের তুলনায় বাংলাদেশের বিমান নিরাপত্তাব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অডিট শেষে আইসিএও প্রতিনিধি দলের সম্মানে বেবিচকের আয়োজন করা এক নৈশভোজে তিনি এ মন্তব্য করেন।

ভাইন বিমান নিরাপত্তা জোরদার এবং সমন্বয় উন্নয়নের ক্ষেত্রে বেবিচক ও অন্যান্য সংস্থার নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

নৈশভোজে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আন্তর্জাতিক বিমান নিরাপত্তার মানদণ্ড পূরণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মন্ত্রী জানান, নতুন উড়োজাহাজ সংগ্রহ, আন্তর্জাতিক রুটের সম্প্রসারণ, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু করা এবং বাংলাদেশকে পূর্ব ও পশ্চিমের সংযোগকারী একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা বাস্তবায়নে একটি শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা অপরিহার্য।

অডিটের প্রস্তুতি তদারকি করা এবং নিয়মিত পর্যালোচনা সভা আয়োজনের জন্য মন্ত্রী বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে ধন্যবাদ জানান।