শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি: দুবলারচরে জেলেদের কোটি টাকার মাছ নষ্ট, তিন দিন সাগরে যেতে পারছেন না

ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে শুঁটকির জন্য রাখা কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে; কয়েক হাজার জেলে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে আছেন।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টিতে সুন্দরবন–সংলগ্ন দুবলারচরে শুঁটকি তৈরির জন্য রাখা জেলেদের বিপুল পরিমাণ মাছ ভিজে নষ্ট হয়েছে। জেলেদের হিসাবে ক্ষতির পরিমাণ কোটি টাকা। গত তিন দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় তাঁরা মাছ ধরতেও যেতে পারছেন না। শরণখোলাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিতে জনজীবন থমকে গেছে।

শুক্রবার সকালে দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। জেলেরা বর্তমানে তাঁদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকাসহ আশপাশের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তাঁর ভাষ্য, এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ হওয়ায় গত বুধবার থেকে জেলেরা মাছ ধরতে পারছেন না। তিন দিনের বৃষ্টিতে জেলেদের বিপুল কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতি কোটি টাকার মতো বলে তিনি জানান। দুবলার নারিকেলবাড়িয়াচরের মহাজন আসলাম হোসেন ও শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠুও একই কথা বলেন; তাঁদের ভাষ্য, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা খুবই খারাপ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচর অঞ্চলে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে আছেন বলেও তিনি জানান।