রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি

ফুলবাড়ীগেট এলাকায় হেলমেট পরা কয়েকজন পরপর চার-পাঁচটি ককটেল ছোড়েন; গাড়িবহরের ক্ষয়ক্ষতি হয়নি।

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। এর আগে ওই এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেওয়া হয়েছিল। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্য ককটেল নিক্ষেপের তথ্য নিশ্চিত করেছেন।