স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর অভিযোগ, আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, এ রকম ভয়ভীতি ও দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।
শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাংগঠনিক সফরে তিনি মৌলভীবাজারে এসেছেন। জামায়াত আমির বলেন, স্থানীয় নির্বাচনের আগে তাঁরা অবশ্যই ‘রাস্তা পরিষ্কার’ করার চেষ্টা করবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) চাইবেন। এর নিশ্চয়তা পেলেই নির্বাচনে অংশ নেবেন। তাঁর ভাষ্য, ‘আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে-ই ক্ষমতায় যাবে।’
সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘দেশে একটার পর একটা অঘটন ঘটতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকব—ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন?’ তিনি আরও বলেন, তাঁদের কেউ অন্যায় করলেও ছাড় দেওয়া হয়নি; তাঁরা নীতিকে বড় করে দেখেন, ব্যক্তিকে নয়। তাঁর মতে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ কোনো দলের নয়, দল বিপদে পড়লে এরা আগে পালায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াত আমির বলেন, তিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন, অথচ নিজের মন্ত্রণালয়ের কাজ—মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ কিংবা সমাজে শৃঙ্খলা ফেরানো—করতে পারেননি। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দুর্গাপূজা প্রসঙ্গে বলেন, কয়েক দিন আগে পূজা শেষ হয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। দেশের সব রাজনৈতিক দল এ ব্যাপারে সতর্ক ছিল। দেশ সবার, মানুষ তার পছন্দমতো ধর্মীয় আচার-অনুষ্ঠান করবে এবং এতে অন্য কারও বাধা দেওয়া উচিত নয়।