শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তানোরে কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার মজুদ: ২০ হাজার টাকা জরিমানা, সার জব্দ না হওয়ায় কৃষকদের ক্ষোভ

রাজশাহীর তানোরে ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন একটি কোল্ড স্টোরকে জরিমানা করলেও মজুদ করা সার জব্দ না করায় স্থানীয় কৃষকেরা ক্ষুব্ধ।

রাজশাহীর তানোরে নির্মাণাধীন একটি কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানে মজুদ করা সার জব্দ করা হয়নি। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাঘের মোড়ে অবস্থিত মেসার্স রহমান অ্যাগ্রো কোল্ড স্টোরে এ অভিযান চালান তানোরের সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোল্ড স্টোরে অবৈধভাবে সার মজুদের খবরে অভিযান চালানো হয় এবং সেখানে ২৮০ বস্তা সারের প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় এক বিএনপি নেতা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না, অথচ একটি কোল্ড স্টোরে বিপুল পরিমাণ সার মজুদ রাখা হয়েছে। এসব সার কোথা থেকে ও কার মাধ্যমে এসেছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তাঁরা। ক্ষুব্ধ কৃষকেরা মজুদ সার ন্যায্যমূল্যে তাঁদের মধ্যে বিক্রির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এ বিষয়ে বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাষযোগ্য জমি দেখিয়ে সেই জমির জন্য সার সংগ্রহের কথা জানানো হয়েছে। সার জব্দ না করার কারণ নিয়ে আর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।