বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণে চারজন আহত, মোহাম্মদপুরে ট্রাকে আগুন; একজন আটক

বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে বিস্ফোরণ ঘটে; পুলিশ বিস্ফোরণ ঘটানো ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে এসব ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে ফাটলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় হৃদয় নামের একজনকে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়েছে। বিস্ফোরণে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।

রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানা এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন। থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম জানান, আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণ ঘটানো ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ট্রাকস্ট্যান্ডের সামনে পার্ক করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম জানান, স্ট্যান্ডের কারও সঙ্গে শত্রুতার কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় সেখানে সাতজন নিরাপত্তাকর্মী ছিলেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বুধবার এক খুদে বার্তায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ সদস্যকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।