২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে মঙ্গলবার এ রায় দিয়েছে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (ক্যাস)। ফলে ১৮ জানুয়ারির ফাইনালে মরক্কোর বিপক্ষে পাওয়া সেনেগালের ১-০ গোলের জয়ই বহাল থাকছে।
ক্যাস ১৭ মার্চের ওই সিদ্ধান্ত বাতিল করেছে, যেখানে ক্যাফের আপিল বোর্ড শিরোপা দিয়েছিল মরক্কোকে। একই সঙ্গে ক্যাস ১১ ফেব্রুয়ারির ক্যাফের মূল শৃঙ্খলা বোর্ডের রায় বহাল রেখেছে। রায়ের মাধ্যমে ফাইনালে ১-০ গোলে মরক্কোকে হারানো সেনেগালকেই ২০২৫ আফকনের চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করা হয়েছে।
ফাইনালে সংযোজিত সময়ে মরক্কোকে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে গিয়েছিলেন, ফলে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এই ঘটনাকে ঘিরেই শিরোপা নিয়ে আইনি লড়াই চলছিল।
ক্যাসের রায়ে বলা হয়েছে, খেলা পুনরায় শুরু করার একক ক্ষমতা ছিল রেফারির, এবং এ সিদ্ধান্ত ‘মাঠের খেলা’ মতবাদের আওতায় সুরক্ষিত। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য বিধিমালা এই ঘটনায় প্রযোজ্য নয় বলেও আদালত সিদ্ধান্তে পৌঁছেছে।
ক্যাফ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ক্যাসের রায়কে সম্মান করে এবং এটি বাস্তবায়নে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।