বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রূপপুর: সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন, ২৮ ঘণ্টা পর দ্বিতীয় দফার পরীক্ষা

পরীক্ষামূলক সরবরাহে রূপপুরের প্রথম ইউনিটের উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছেছিল; পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষার প্রস্তুতিতে মঙ্গলবার মধ্যরাতের আগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে আট ঘণ্টা পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রথম দফার পরীক্ষায় ইউনিটটির উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছেছিল। পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবেই আপাতত সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির করা হয়, তারপর ধাপে ধাপে বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াটে নেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই পরীক্ষামূলক সরবরাহের উদ্বোধন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গ্রিডে যুক্ত করার আগে জেনারেটর ও গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়; এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে, আর কোনো কোনো পরীক্ষার জন্য ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে গ্রিডের ভারসাম্য রাখতে পাওয়ার গ্রিড কোম্পানি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। অনুমোদন মিললে শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন; তখন ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রিয়্যাক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এর আগে মঙ্গলবার রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার খবর এসেছিল।