মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রংপুরে একই পরিবারের চারজন হত্যা: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দেবে ডিবি, দুই আসামির ডিএনএ মিলেছে

ডিবির দাবি, ডিএনএ পরীক্ষা ও দীর্ঘ তদন্তে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে।

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র দেবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

ডিবির দাবি, এই ঘটনার তদন্তে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। হত্যার শিকার হয়েছেন গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী।

সনাতন চক্রবর্তী বলেন, আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে কারাগারে আছেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে তাঁদের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা ঢাকায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। ওই পরীক্ষার প্রতিবেদনে কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলে ডিবি জানিয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়ির আলমারি ও ড্রয়ার তছনছ অবস্থায় পাওয়া গিয়েছিল।

তদারকি কর্মকর্তার ভাষ্য, মামলাটি ডিবির হাতে আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। আদালতে অভিযোগপত্র জমার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করতে হয়।