বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাখিসহ দুজন গ্রেপ্তার

জোরারগঞ্জ ইউনিয়নে সোমবার সকালে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে পুলিশ; পাখিগুলো ঢাকায় পাচারের পথে ছিল বলে পুলিশের দাবি।

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০টি টিয়া পাখিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ সোনাপাহাড় ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত নূর নবীর ছেলে মো. সফর আলী (৪৫) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাগিনি এলাকার আবু তাহেরের ছেলে মো. মামুন (৩১)।

পুলিশ জানায়, চোরাই পথে মিয়ানমার থেকে এসব টিয়া আনা হয়েছিল। এরপর পাখিগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। পথে মিরসরাইয়ে অবস্থানকালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন জানিয়েছেন যে তাঁরা মিয়ানমার থেকে চোরাই পথে এসব টিয়া এনেছেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।