শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

শীতের আগমনে আদমদীঘির শাওইলের তাঁতপল্লীতে ব্যস্ততা, তবে সুতার দামে লাভ নেই বলছেন তাঁতিরা

বগুড়ার আদমদীঘির ২৫ গ্রামের ১০ হাজারের বেশি পরিবার কম্বল, চাদর, লুঙ্গি ও গামছা বুনে জীবিকা চালায়; ভোর ৪টা থেকে বসে পাইকারি হাট।

শীতের আগমনে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শাওইলের তাঁতপল্লী এখন ব্যস্ত। ২৫টি গ্রামের তাঁতপল্লী খটর-খটর শব্দে মুখর। চরকায় অবিরাম ঘুরছে উলের সুতা। কম্বল ছাড়াও বিছানার চাদর, লুঙ্গি ও গামছা তৈরি হয় এসব গ্রামে। তবে সুতা ও আনুষঙ্গিক জিনিসের অতিরিক্ত দামের কারণে এখন এই শিল্পে লাভ নেই বলে জানান তাঁতিরা।

সরেজমিনে দেখা যায়, সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত সময় পার করেন। সারা বছরই কমবেশি তাঁতের কাজ চলে। কেউ গার্মেন্টসের ছাঁট কাপড় থেকে সুতা তুলছেন, কেউ চরকায় বসে সুতা নলি বা সুচিতে উঠাচ্ছেন, কেউ সুতা ববিন করছেন। প্রতিটি বাড়ির আঙিনায় ও ঘরে বসানো তাঁতযন্ত্র দিনরাত চলছে। সব বাড়িতে এক থেকে ১০টি তাঁত আছে। কোনোটি চাকাওয়ালা, কোনোটি বাঁশ ও কাঠ দিয়ে হাতে তৈরি। শীত শুরুর আগে থেকেই কম্বল বোনা শুরু হয়।

শুধু শাওইল নয়, দত্তবাড়িয়া, মঙ্গলপুর, দেলিঞ্জা, পুশিন্দা, দেওড়া, বিনাহালী ও কেশরতাসহ আশপাশের প্রায় ২৫ গ্রামের চিত্র একই। স্থানীয়েরা জানান, উত্তরবঙ্গের এই তাঁতিগোষ্ঠী যুগ যুগ ধরে তাঁতের ঐতিহ্য ধরে রেখেছে। এসব গ্রামে ১০ হাজারেরও বেশি তাঁতি পরিবার আছে এবং এই শিল্পের ওপর অন্তত ৫০ হাজার মানুষের জীবিকা নির্ভর করে।

শীতে এসব গ্রামে তৈরি কম্বল, চাদর, লুঙ্গি ও গামছা বিক্রির জন্য একটি হাট গড়ে উঠেছে। হাট বসে ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত। দূরদূরান্ত থেকে পাইকারি ক্রেতারা সেখানে আসেন।