সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। শুক্রবার শুরু হওয়া এই কর্মসূচি চলবে রোববার পর্যন্ত। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ড থেকে স্বাক্ষর সংগ্রহ করে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
গত বুধবার শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে মালঞ্চ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জামায়াতের ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার স্লোগানে বিশ্বাস রেখেই শ্যামনগরবাসী দলটির মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁকে ঘিরে সৃষ্ট বিতর্ক ও আইনি পরিস্থিতিতে এলাকাবাসীর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
মিজানুর রহমান আরও বলেন, গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিলেই জামায়াতের দায় শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘসূত্রতা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং দ্রুত আইনগত নিষ্পত্তি ও অবাধ, নিরপেক্ষ উপনির্বাচনের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান, পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে একই স্থানে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছে উপজেলা জামায়াতে ইসলামী। লিখিত বক্তব্যে উপজেলা আমির আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে দলীয় সাংগঠনিক দায়িত্ব ও দল থেকে বহিষ্কার করা হয়েছে; বর্তমানে তিনি জামায়াতের কেউ নন। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো দলের ওপর চাপানো যুক্তিসংগত নয় বলেও তিনি মন্তব্য করেন।
সংসদ সদস্য পদের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে আবদুর রহমান জানান, প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত ব্যবস্থা নিতে দলের পক্ষ থেকে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। তাই এ বিষয়ে জামায়াত কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। পদ বহাল থাকা বা আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের।