সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সিলেট বিভাগে হামে আরেক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১২১ জন; চিকিৎসাধীন ৫১৬

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগী ১ হাজার ১৭৭ জন।

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট মাস বয়সী শিশুটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম রোববার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই সময়ে বিভাগে নতুন করে আরও ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১২১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১৬ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ২২০ ও মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন রয়েছেন। এ ছাড়া জালালাবাদ রাগীব–রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫১৬ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৮ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৩ জন রয়েছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।