বগুড়ার শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকার একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এই অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও নমুনা সংগ্রহকারী মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেরপুর থানা-পুলিশ অভিযানে সহায়তা করে। রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযানে দেখা গেছে, রেস্টুরেন্টের ওয়াশরুমের দরজার পাশে খাবারের প্লেট পরিষ্কার করা হচ্ছিল। রান্নাঘরে গরুর শুকনা গোবর রাখার স্থানে পরোটার ময়দার খামির তৈরি করা হচ্ছিল। এ ছাড়া সেখানে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ, রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণও মেলে।
এসব অনিয়মের কারণে রেস্টুরেন্টটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।