বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফিজিতে বাংলাদেশি কর্মীদের ড্রাইভিং লাইসেন্স দ্রুত দেওয়ার অনুরোধ প্রবাসীকল্যাণমন্ত্রীর, সেখানে কর্মরত প্রায় আট হাজার

ফিজির হাইকমিশনারের সঙ্গে বৈঠকে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো ও সমঝোতা স্মারক দ্রুত সইয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ফিজিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা রূপান্তরের প্রক্রিয়া তিন মাস থেকে কমিয়ে আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি। সেই বৈঠকে এ অনুরোধ জানানো হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি কর্মীদের বর্তমান মেয়াদ শেষে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে যেন তাঁদের দেশে ফিরে আসতে না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে বিশেষ অনুরোধ জানানো হয়। এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে পাঠানো সমঝোতা স্মারক দ্রুত সই করার উদ্যোগ নিতে ফিজি সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করতে পারেন এবং তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

ফিজির হাইকমিশনার বলেন, দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। আবহাওয়া ও সংস্কৃতি একই রকম হওয়ায় বাংলাদেশের কর্মীদের জন্য ভালো সুযোগ হতে পারে। বাংলাদেশের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য তিনি ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমদ জানান, ফিজিতে বর্তমানে প্রায় আট হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন; চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ কর্মী সেখানে গেছেন। তিনি দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দেন।