বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢামেক হাসপাতালে কারাগার থেকে আনা ৩০ বছর বয়সী বন্দির মৃত্যু

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আনা রাব্বিকে রোববার রাতে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন; মামলার বিষয়টি এখনো জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রাব্বি (৩০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাব্বি রাজধানীর রূপনগরের টংবস্তি এলাকার রাসেলের ছেলে। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় রাব্বিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কয়েকজন কারারক্ষী হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে কারারক্ষী কাউসারও ছিলেন। জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য রাব্বির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।