নওগাঁর মহাদেবপুরে ২০২৬ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। তিনি শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও বই তুলে দিয়ে তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন এবং সাবেক ছাত্রনেতা ও অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ।
সংবর্ধনা পাওয়াদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমান (দাখিলসহ) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫৮ জন এবং এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০ জন শিক্ষার্থী রয়েছেন।
সংসদ সদস্য বলেন, বর্তমান প্রজন্মের মেধা ও যোগ্যতাই দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে। উপজেলার শিক্ষা উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্ব দেন।