ইতালিতে স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল মেলোনির সরকার, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থী সীমিতকরণ
ইতালির মন্ত্রিসভা বৃহস্পতিবার নতুন ডিক্রি-আইন অনুমোদন করেছে, যা শিক্ষক সংগঠন ও বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করেছে। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ইতালির সামাজিক ও শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার মন্ত্রিসভা এ-সংক্রান্ত ডিক্রি-আইন অনুমোদন করে, যা নতুন বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রেখেছে। আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও আগামী ৬০ দিনের মধ্যে পার্লামেন্টকে এটি অনুমোদন করতে হবে।
তবে সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছেন শিক্ষক সংগঠন ও স্কুলপ্রধানেরা। তাদের মতে, পর্যাপ্ত পরামর্শ ও সম্পদ ছাড়াই এই নিয়মটি বাস্তবায়ন করা কঠিন হবে। এর ফলে শিক্ষা কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
একইভাবে, বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইনও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি সরকারি স্কুলের প্রকৃত সমস্যাগুলো আড়াল করার একটি রাজনৈতিক উদ্যোগ, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইতালির স্কুলগুলোতে বিদেশি নাগরিক শিক্ষার্থীর হার ছিল ১১ দশমিক ২ শতাংশ। ৩০ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থী থাকা শ্রেণিকক্ষের হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।