মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

মাদারীপুরের আছমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তাহসিন সিকদার নামে এক কিশোরকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

মাদারীপুরের আছমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তাহসিন সিকদার নামে এক কিশোরকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সাথে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে, রোববার স্কুল ছুটির পর নুর আলম পূর্বের বিরোধের জেরে বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালায়। এ সময় মিনহাজের চিৎকার-চেঁচামেচিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে তাহসিন নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক তাহসিন মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালানোর ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে।”