সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ছুটির পর কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করা হয়েছে; আশুলিয়ার কয়েকটি এলাকায় ৩০টি কারখানা বন্ধ ছিল।

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি ঠেকানোই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল; এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, মৌচাক, গাছা ও সালনাসহ বিভিন্ন এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর দুই দিনের ছুটি শেষে সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে আশুলিয়ার কয়েকটি এলাকায় ৩০টি কারখানা বন্ধ ছিল। ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকায় পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে; একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সেখানে ছিলেন। ফতুল্লায় বিজিবির নয় প্লাটুন মোতায়েন আছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে; তাঁরা জানিয়েছেন আর আন্দোলন করবেন না এবং সরকারের প্রতি আস্থা রেখেছেন। তারপরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কয়েকটি কারখানা ও গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একটি কারখানার নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল।