উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার সকালে নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি, অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ রকম: মঙ্গলবার (১৭ নভেম্বর) ১৭ দশমিক ৪ ডিগ্রি, সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে জেলার মানুষের মধ্যে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে।