রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই

ব্যাংক থেকে টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি জানান, রোববার দুপুরে তিনি তাঁর বাবা এস এম হারুনুর রশিদের সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখার হিসাব থেকে পাঁচ লাখ টাকা তোলেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

তৌহিদুর বলেন, ‘বাড়ির কাছাকাছি বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার আমাদের অটোরিকশার কাছে আসে। পরে প্রাইভেট কার থেকে একজন হাত বাড়িয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান।’ বেলা আড়াইটার দিকে ঘটা এ ঘটনার পর দুর্বৃত্তরা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

তৌহিদুর রশিদ জানান, ঘটনার পরপরই তিনি পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করেন, তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।