রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীর নাম আবু সাঈদ। তিনি কামারপাড়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী। জানা গেছে, তিনি সব ধরনের বালাইনাশকের খুচরা বিক্রেতা হলেও অবৈধভাবে সার সংগ্রহ করে তা বিক্রি করছিলেন।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
একই দিন রাজশাহীর পাশের উপজেলা দুর্গাপুরেও পাচারের সময় ২০ বস্তা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ভ্যানচালককে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।