অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার বা ক্লোজড করা হয়েছে। শুক্রবার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত রয়েছেন। খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা এবং ইউনিটের সদস্যদের এ তালিকায় রাখা হয়েছে। প্রাপ্ত তালিকায় থানার পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের নামও আছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। সে কারণে আগে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, অনৈতিক সুবিধা গ্রহণের ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা এবং পুলিশের ওপর জনআস্থা তৈরিতে বাধা সৃষ্টি হয়।
ডিআইজি আরও জানান, পুলিশের মহাপরিদর্শকেরও (আইজিপি) এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। সেই ধারাবাহিকতায় খুলনা বিভাগে এমন শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।
প্রত্যাহার হওয়া সদস্যদের বিরুদ্ধে ঠিক কী ধরনের অনিয়মের অভিযোগ, কারা কারা কোন থানায় কর্মরত ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে বিস্তারিত পাওয়া যায়নি।