পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকায় হাড়িভাসা–সাহেব বাজার সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে পুলিশের দায়ের করা একটি মামলায় হাড়িভাসা ইউনিয়নের বিএনপি কর্মী জাহাঙ্গীর আলম ও জামায়াত কর্মী আমিনার রহমানকে ১১ ও ১২ নম্বর আসামি করা হয়েছে। তাঁদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান তাঁদের মামলায় ফাঁসিয়েছেন। বক্তারা অবিলম্বে মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে শাহজাহান বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও মামলাটি পুলিশ করেছে, তিনি করেননি। সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, তাঁরা বিএনপি-জামায়াতের কর্মী কি না, তা তদন্ত করে দেখা হবে। পুলিশ সুপার আবু সাইম বলেন, মামলায় তাঁদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি তদন্ত করা হবে এবং কাউকে হয়রানি করা হচ্ছে না।