যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ২০২৭ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ১৩৬তম। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১৭৯তম। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
৩ নভেম্বর কিউএস নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করে। এতে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকার শীর্ষে আছে হংকং বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং নির্ধারিত হয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের মধ্যে ৬৪ দশমিক ৭০ এবং বুয়েট ৫৭ দশমিক ৮০ স্কোর করেছে।
গত বছরের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ১৩২তম এবং বুয়েট ১৬৫তম। অর্থাৎ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকলেও এই দুই বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে পিছিয়েছে। তৃতীয় অবস্থানে আছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; তাদের স্কোর ৩২ দশমিক ৪০, অবস্থান ৫০৪তম। ৩১ দশমিক ২০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ।
এর বাইরে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তালিকায় আছে, তবে তাদের সামগ্রিক স্কোর উল্লেখ করা হয়নি। সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৮১–৭৯০, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ৮৫১–৯০০, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ১১০১–১২০০ এবং ইউল্যাবের ১২০১–১৩০০। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১-এর পরে।