সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে হাম ও ডেঙ্গুতে মারা গেল দুই ভাই, সন্তানহারা বাবার আহাজারি

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শুক্রবার ১০ বছরের বড় ভাই ও রোববার দিবাগত রাতে ১০ মাসের ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে মাত্র দুই দিনের ব্যবধানে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে ১০ বছর বয়সী বড় ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মারা যায়। এর দুই দিনের মাথায় রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১০ মাস বয়সী ছোট ভাই। সোমবার বেলা সাড়ে ১১টায় ছোট শিশুটিকে ভাইয়ের কবরের পাশেই দাফন করার কথা ছিল।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম ছোট শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুটি মারা গেছে।

শিশু দুটির বাবা মোহাম্মদ কবির সোমবার সকালে সন্তান হারানোর শোকে ভেঙে পড়া কণ্ঠে বলেন, কয়েক দিন ধরে তিনি হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছিলেন। রোববার বেলা ১১টার দিকে ছোট ছেলে লাইফ সাপোর্টে ছিল। সেই সময় চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু বাবাকে কোনো আশার কথা শোনাতে পারছিলেন না।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বড় ছেলে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে জ্বর, বমি ও কাশিতে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিনের চিকিৎসার পর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়। কয়েক দিন চিকিৎসার পরও উন্নতি হয়নি, বরং শ্বাসকষ্ট বাড়তে থাকে। চিকিৎসার খরচ সামলাতে না পেরে বাবা ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন। সেখানেও আইসিইউতে চিকিৎসা চলে। বাবার ভাষ্য অনুযায়ী, বড় ছেলে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

বড় ছেলে নগরের পাঁচলাইশ এলাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। পরিবারটির সংসারে এই দুই সন্তানই ছিল। দুই ছেলেকে হারিয়ে এখন তাঁরা সন্তানহীন হয়ে পড়েছেন।