কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা জানান, একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। আগুনে মুদি দোকান, হার্ডওয়্যার ও মেশিনারি, ফার্মেসি, কাপড়, মোবাইল ও মাইক সার্ভিস, ডেকোরেশন, লন্ড্রি ও সেলুনসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান পুড়ে যায়।
মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর তালিকা ও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব তৈরি করা হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, চকরিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন অনিশ্চয়তার মধ্যে আছে উল্লেখ করে শোয়াইবুল ইসলাম নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।