বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন ছুটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ১৫ দিন সাধারণ ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি; সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে কার্যত ছুটি ২২ দিন।

আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন সরকারি ছুটি থাকবে। ২০২৭ সালের ছুটির তালিকা বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে তালিকা অনুমোদন দেওয়া হয়েছিল।

তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ১০ মার্চ ঈদুল ফিতর এবং ১৭ মে ঈদুল আজহা হতে পারে। শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে দুই দিন। সব মিলিয়ে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করবেন।

১৫ দিনের সাধারণ ছুটির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন। এ ছাড়া ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তির ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য।

নির্বাহী আদেশে ছুটি সাধারণত নির্দিষ্ট শ্রেণির মানুষের কথা বিবেচনা করে দেওয়া হয়; যেমন ঈদের আগে-পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটি। এবার এ ধরনের ছুটি মোট ১৪ দিন, যার মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি শবে বরাত ও ৭ মার্চ শবে কদর।

প্রজ্ঞাপনে ঐচ্ছিক ছুটির বিষয়টিও রয়েছে। প্রত্যেক কর্মচারী বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে পারবেন। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেওয়া যেতে পারে। মুসলিম পর্বের মধ্যে ঐচ্ছিক ছুটির তালিকায় আছে শবে মিরাজ, ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ঈদুল আজহার পরের চতুর্থ দিন ও আখেরি চাহার সোম্বা; হিন্দু পর্বে সরস্বতী পূজা ও দোলযাত্রা; খ্রিষ্টান পর্বে ইংরেজি নববর্ষ এবং বৌদ্ধ পর্বে মাঘী পূর্ণিমা।