সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সেনা-এপিবিএনের যৌথ অভিযান, দুটি পিস্তল ও গুলি উদ্ধার; কেউ আটক হয়নি

নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাতের ঘর তল্লাশি করে অস্ত্র ও বিভিন্ন আলামত পেয়েছে যৌথ বাহিনী।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এপিবিএন যৌথভাবে ওই ঘরে তল্লাশি চালায়।

তল্লাশিতে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি হেক্সো ব্লেড পাওয়া যায়। উদ্ধার হওয়া চার রাউন্ড গুলির মধ্যে তিন রাউন্ড ৭.৬৫ বোরের পিস্তলের, একটি একনলা বন্দুকের।

এ ছাড়া ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন সিম কার্ডের আটটি কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুটও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও আলামত নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার সোমবার রাত ১২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্রের বিস্তার ও ডাকাতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান চলছে বলেও জানানো হয়েছে।