শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাউজানে ইসলামী ফ্রন্ট নেতাকে বিকাশে চাঁদা দাবি, না দিলে গুলি করে হত্যার হুমকি; থানায় অভিযোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাউজান আসনের প্রার্থী ছিলেন মাওলানা ইলিয়াস নুরী; পুলিশ বলছে, অভিযোগ পেয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের রাউজানে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকে মুঠোফোনে কল করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

হুমকি পাওয়া নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার সভাপতি এবং রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে রাউজান আসনে প্রার্থী হয়েছিলেন তিনি, তবে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফোন করে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়। অপর প্রান্তের ব্যক্তি স্থানীয় একজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ফোনে বলা হয়, “পোলাপান চালানোর জন্য চাঁদা দিতে হবে, ১৫ মিনিটের মধ্যে এই বিকাশ নম্বরে চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব।”

ইলিয়াস নুরী জানান, ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে দ্রুত টাকা পাঠাতে বলা হয় এবং না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি আরও জানান, ফোনের সময় তিনি মসজিদে ছিলেন। হুমকিদাতা কত টাকা দিতে হবে তা বলেননি এবং নিজের পরিচয়ও দেননি; শুধু একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন।

ইলিয়াস নুরী বলেন, “আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।” রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।