ইরানে আরও বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ। এসব দেশের অনুরোধে আপাতত ইরানের ওপর বড় হামলা স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনশিল্প ধ্বংস করে দিতে পারেন।
হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তাঁর ভাষ্য, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন; তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখছেন। ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, দয়া করে আপাতত পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকতে দিন।’ তাঁর দাবি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে। তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলে জানান। উপসাগরীয় দেশগুলো অনুরোধ না জানালে আরও হামলা চালাতেন কি না—এ প্রশ্নে তাঁর জবাব, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’
সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের কথাও আসে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ার প্রভাব এই ফলে পড়েছে বলে স্বীকার করেন ট্রাম্প। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
‘চুক্তির প্রয়োজন নেই’
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তাঁর ভাষ্য: ‘আমরা তাদের কাছ থেকে শত শত বিলিয়ন ডলার পেয়েছি, আর তাদের প্রণালিটিও আমাদের দখলে।’ এ কথা তিনি হরমুজ প্রণালিকে ইঙ্গিত করে বলেছেন। এটি এ সপ্তাহের শুরুতে রাজনৈতিক সমাধানের ‘গতি’ রয়েছে বলে তাঁর দেওয়া বক্তব্যের উল্টো অবস্থান।
ওই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেশের বড় শহর ও রাজ্যগুলোর ‘দুর্নীতি ও অপরাধ’ নিয়ে কাজ করতে বলেছেন বলে জানান। এতে ইরান-সংক্রান্ত আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন এবং ট্রাম্প সেই যোগাযোগ অনুমোদন করেছিলেন। তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন জানিয়েছিলেন, কাতার এই বৈঠকের আয়োজন করবে। ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো বৈঠকের কথা অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি অবরোধে থাকায় চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাড়াহুড়া করছে না। তাঁর মতে, এতে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী।
ট্রাম্পের আলোচনা বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক মিত্রদের অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, অনিশ্চয়তার দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে, যখন চূড়ান্ত সমাধান বা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা—কোনোটিই নিশ্চিত ধরে নেওয়া যাবে না। ইরাকের কুর্দি অঞ্চলের একটি দলের নেতা বাফেল তালাবানি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তেহরানের সঙ্গে কথা বলা।