ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজের স্বপ্ন ও পরিকল্পনা না তুলে ধরে, বিতর্কিত মন্তব্য বের করে আনার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সর্ব মিত্র চাকমা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অল্প কিছুদিনে মিডিয়ার ভেতরের বাস্তবতা তার কাছে স্পষ্ট হয়ে গেছে। তার ভাষায়, “আমি বুঝলাম, কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষে সম্মতি উৎপাদন করতো।”
তিনি অভিযোগ করেন, একটি বামপন্থী মিডিয়ার পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ও পাহাড় প্রসঙ্গেই বারবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার ভিশন বা করণীয় বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। এ প্রসঙ্গে সর্ব মিত্র চাকমা বলেন, “ওরা হামলে পড়ছিল আমার মুখ থেকে একটা বিতর্কিত বাক্য বের করে আনার জন্য।”
তবে তিনি জানিয়েছেন, এসব আচরণে তিনি বিচলিত বা রাগান্বিত নন। বরং তিনি এটিকে সহনশীলভাবে মোকাবিলা করছেন। তার ভাষায়, “ইন্টেনশনালি বিতর্কিত করতে চান, করুন! আমি বিচলিত বা রাগান্বিত নই, সব সয়ে যাচ্ছি হাসিমুখে।”
সবশেষে তিনি সরাসরি ঘোষণা দেন, “হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন।”